Showing posts with label ইসলামে আসার গল্প. Show all posts
Showing posts with label ইসলামে আসার গল্প. Show all posts

Thursday, April 2, 2015

নীড়ে ফেরার গল্প

- No comments
নীড়ে ফেরার গল্প







 ১৯৯৪ সালে মেক্সিকো সিটিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৮০ জন। তবে এখন অবস্থা বদলে যাচ্ছে। পিউ রিসার্চের গবেষণায় বলা হয়েছে, ২০১০ সালে মেক্সিকোতে মুসলামানদের সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার।

১৯৯৪ সালে মরক্কো থেকে মেক্সিকো সিটিতে এসেছিলেন সৈয়দ লুয়াহাবি। তখন এই শহরে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৮০ জন। এদের বেশিরভাগই ছিল কূটনীতিক ও ব্যবসায়িক।

স্মৃতি রোমন্থন করে লুয়াহাবি বলেন, 'মুসলিম সম্প্রদায় ছিল খুবই ছোট। এদের বেশিরভাগই ছিল বিদেশি। মেক্সিকানরা ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানত না।'

তখন একটি মসজিদ খুঁজে পেতে তাকে হয়রান হতে হয়েছিল। লুয়াহাবি বলেন, 'অনেক সময় ২-৩ মাসেও একজন মুসলমানের দেখা মিলত না।'

তবে এখন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ এই মেক্সিকোতে মুসলমানদের জন্য তৈরি হয়েছে একটি ভিন্নতর পরিবেশ। মেক্সিকোতে মুসলমানের সংখ্যা অনেক। তাদের বেশিরভাগই মেক্সিকান।

এখন প্রতি শুক্রবারই ইসলাম গ্রহণ করছেন মেক্সিকানরা। কোনো কোনো শুক্রবার ৫জনও ইসলাম গ্রহণ করেন। লুয়াহাবি জানান, নবদীক্ষিতদের বেশিরভাগই নারী।

'হোয়াই ইসলাম' নামের একটি সংগঠনের ২০১২ সালের জরিপে বলা হয়েছে, ২০১১ সালে মেক্সিকোতে ইসলাম ধর্ম গ্রহণ করেন ৩০০০ লোক। এদের ১৯শতাংশ ছিলেন ল্যাটিনো এবং অর্ধেকেরও বেশি নারী।

২০১১ সালের ৫২৪টি মসজিদের ওপর পরিচালিত জরিপে দেখা যায়, ২০০০ সাল থেকে নারীদের ইসলাম গ্রহণের হার ৮ শতাংশ বেড়েছে। দুই দশক আগে মেক্সিকোতে একটি মসজিদ খুঁজে পাওয়া ছিল দুষ্কর। তখন পাকিস্তানী দূতাবাসের মসজিদে অনেকে নামায পড়তেন। তবে এখন অবস্থা বদলে যাচ্ছে।

পিউ রিসার্চের গবেষণায় বলা হয়েছে, ১৯৭০ সালে মেক্সিকোতে ক্যাথলিক খ্রিষ্টানদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ৯৬.৭ শতাংশ। ২০১০ সালে তা কমে দাঁড়িয়েছে ৮২.৭ শতাংশে। এখানে ক্যাথলিকদের একটি অংশ ইসলাম গ্রহণ করছেন।

পিউ রিসার্চের গবেষণায় বলা হয়েছে, ২০১০ সালে মেক্সিকোতে মুসলামানদের সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার। তবে ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়াবে১০লাখ ২৬ হাজারে।

প্রশ্ন উঠছে, মেক্সিকোন খ্রিষ্টানরা কেন ইসলাম গ্রহণ করছেন? কেউ কেউ বলছেন, ক্যাথলিকদের ঈশ্বরের তিন রূপ মতবাদ, যাকে বলা হয় 'দা ট্রিনিটি ডকট্রিন' (পিতা, সন্তান ও পবিত্র সত্ত্বা)-এর বিপরীতে ইসলামে এক আল্লাহতে বিশ্বাস অনেককে আকৃষ্ট করেছে।

এছাড়া খ্রিষ্টান ধর্মযাজকদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর সীমাহীন অভিযোগেও অনেক খ্রিষ্টান বিরক্ত। তারা ইসলামে এর সমাধান পাচ্ছেন।

এদেরই একজন মার্থা আলামিলা, বয়স ২৩। তিনি একটি ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠেন। তিনি সব সময় উচ্চতর শক্তিতে বিশ্বাস করতেন। কিন্তু গির্জায় এ নিয়ে প্রশ্ন করলে তিনি তার সন্তোষজনক জবাব পাননি।

শুক্রবার জুমার নামাযের পর মসজিদে বসেই আলামিলা বলেন, 'আমার মনে কোনো সংশয় ছিল না যে ঈশ্বর আছেন। কিন্তু আমার ধর্মের কাছে অনেক বিষয় নিয়ে প্রশ্ন করে আমি অর্থপূর্ণ জবাব পাইনি। আমাকে বলা হতো- ঈশ্বর এভাবে বলেছেন তাই, ঈশ্বর এরকম... ইত্যাদি ইত্যাদি।'

এভাবে চলার পর ইন্ডাস্ট্রিয়াল রোবটিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী আলামিলা এক সময় উন্নত জবাব খোঁজার চেষ্টা করেন। আলামিলা বলেন, ইসলাম সম্পর্কে তার প্রাথমিক ধারণা ছিল যে, এটি সন্ত্রাসবাদ ও নিপীড়নের ধর্ম। কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াত করার পর এবং মুসলমানদের সঙ্গে বৈঠকের পর তার ধারণা পাল্টে যায়। তিনি যেসব প্রশ্নের জবাব খুঁজছিলেন তাও পেয়ে যান।

তিনি বলেন, 'আমি বুঝতে পারলাম যে, এটা একটা সুন্দর ধর্ম। এখানে প্রত্যেকটা জিনিসের অর্থ আছে। কুরআন ও হাদীসে প্রতিটি প্রশ্নের জবাব আছে।'

প্রায় ছয় মাস ইসলামের ওপর অধ্যয়ন শেষে 'লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)' পাঠ করে ইসলাম গ্রহণ করেন আলামিলা।

তিনি আরো বলেন, ইসলাম সম্পর্কে তার সবচেয়ে সাধারণ যে ভুল ধারণাটি ছিল তা হলো এই ধর্ম নারীদের অধিকার হরণ করে, তাদের মত প্রকাশের সুযোগ দেয়া হয় না এবং নারীদের হিজাব পরতে বাধ্য করা হয়। কিন্তু ইসলামের ওপর অধ্যয়ন শেষে তার এই ভুল ধারণা ভেঙে যায়।

আলামিলা বলেন, 'আমি যেসব মুসলমানদের সঙ্গে মিশেছি তাদের প্রত্যেকেই অসাধারণ মানুষ। এটা এই কারণে নয় যে, তারা এভাবেই জন্মগ্রহণ করেছে বরং ধর্ম তাদের এভাবে বদলে দিয়েছে।'

আলামিলা জানান, তিনি এখনো তার পরিবারের কাছে ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেননি। তার পরিবারের লোকজন জানেন যে, তিনি ইসলামের ওপর অধ্যয়ন করছেন।

তিনি বলেন, 'আমি প্রথমে তাদের কাছে প্রমাণ করতে চাই যে, আমি বদলে গেছি। যখন আমি তাদের বলব যে, আমি ইসলাম গ্রহণ করেছি তখন তারা যেন দেখতে পায় যে, আমি আগের ব্যক্তিই আছি কিন্তু আরো ভালো হয়েছি।'

কথা বলার সময় আলামিলার পাশেই ছিলেন লেসলি কামরিলো। তার কাহিনীও প্রায় আলামিলার মতই। ক্যাথলিক খ্রিষ্টান থেকে তিন বছর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
 
লেসলি বলেন, 'শিশুকালে আমি যখন গির্জায় যেতাম তখনই তাদের ভণ্ডামি আমার চোখে পড়ে। প্রতিবার আগুন আর ধোঁয়া দেখে ঈশ্বর সম্পর্কে আমার মধ্যে ভীতি তৈরি হয়।'

'ত্রি-তত্ত্ববাদের (ট্রিনিটি) কথা অনুসারে ঈশ্বর মানবরূপে জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে। সেই তিনিই আমার কীভাবে স্বর্গে অমরত্ব লাভ করবেন?' প্রশ্ন করেন লেসলি।

'আমার সব সময়ই বিশ্বাস ছিল যে, ঈশ্বর আছেন। আমি সব সময়ই ভাবতাম যে সবকিছু সৃষ্টির পেছনে একজন কারিগর বা ঈশ্বর আছেন।'

কিন্তু তিনি কোনো কূল-কিনারা পাচ্ছিলেন না। এরপর মুক্ত মন নিয়ে তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ নানা ধর্ম সম্পর্কে অধ্যয়ন শুরু করেন। তিনি নিয়ত

করেন যে ধর্মে তিনি সব প্রশ্নের জবাব পাবেন তাকেই আলিঙ্গন করবেন।

অবশেষে ইসলামেই তিনি সব প্রশ্নের জবাব পান এবং শান্তির এই ধর্মকে আলিঙ্গন করেন।

Monday, May 5, 2014

ইসলামে আসার গল্প : শাইখ মির্জা ইওয়ার বেইগের বইয়ের চমৎকার একটি ঘটনা

- No comments

ইসলামে আসার গল্প : শাইখ মির্জা ইওয়ার বেইগের বইয়ের চমৎকার একটি ঘটনা

সানজিদা শারমিন
 
শাইখ মির্জা ইওয়ার বেইগের বইয়ের চমৎকার একটি ঘটনা।
-----------------------------------

আমি হার্টফোর্ড থেকে লস অ্যাঞ্জেলে যাওয়ার জন্য নর্থওয়েস্ট এয়ারলাইনসে ভ্রমণ করছিলাম। ডেট্রয়েটে ওদের একটি হাব আছে তাই বিমান সেখানে থামল। দুর্ভাগ্যবশত আমার সিটটি ছিল মাঝখানে। চিন্তা করুন, অ্যামেরিকার মধ্যে ৬ ঘণ্টার বেশি সময় ইকনমি ক্লাসের তাও আবার মাঝের সিটে বসে ভ্রমণ করার বিষয়টি কতখানি বিরক্তিকর হতে পারে। দিনটি ছিল শুক্রবার। আমি একটি লম্বা সাদা জুব্বা পরাছিলাম, তার উপর ছিল (জুব্বার উপর পরিধানের) একটি মিশলাহ এবং মাথায় ছিল সাদা পাগড়ী। হার্টফোর্ড এয়ারপোর্টে এক মহিলা আমার কাছে এসে বলল, ‘আপনি কী সুলতান?’ আমি উত্তর দিলাম, ‘জি না, ম্যাডাম, এখনো হইনি।’ তারপর দুজনেই হাসলাম। আমরা বিমানে উঠলাম এবং ডেট্রয়েটে দিকে এটা উড়া শুরু করল। জানালার পাশের লোকটি ডেট্রয়েটে নেমে গেলো। তারপর একজন সাদা চামড়ার অ্যামেরিকান মহিলা এসে বসল।

বিমান যখন আবার উড়া শুরু করল আমি কুরআনটা বের করে সূরা আল-কাহাফ পড়া শুরু করলাম। শুক্রবারে সূরা কাহাফ পাঠ করা সুন্নাহ। আমি খেয়াল করছিলাম জানালার পাশের সেই মহিলাটি পাশ থেকে আমার দিকে তাকিয়ে আছে এবং আমি কী পড়ছি তা দেখার চেষ্টা করছে। কয়েক মিনিট পর সে আমাকে বলল, ‘আপনি কী পড়ছেন?’

‘ম্যাডাম, আমি কুরআন পড়ছি।’
‘এটা কোন ভাষা?’
‘আরবী’
তারপর মহিলাটি কাত হয়ে সামনের সিটের নিচে রাখা তার হাতব্যাগটি থেকে একটা লকেট বের করে আমাকে দেখিয়ে বলল, ‘আপনি কী এটা পড়তে পারেন?’

লকেটটা ছিল রুপার যার এপাশে লেখা ছিল সুবহান আল্লাহ এবং অন্য পাশে আলহামদুলিল্লাহ। আমার জানার কৌতূহল হলো যে সে এটা কোথায় পেয়েছে। আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে বললাম, ‘এর মানে সকল প্রশংসা আল্লাহর’ এবং এর মানে ‘সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য।’ তারপর আমি তাকে প্রশ্ন করলাম, আপনি এটা কোথায় পেয়েছেন?’ সে হেসে আমাকে একটা চমৎকার গল্প বলল। আমার যতটুকু মনে আছে আমি তা এখানে তা তুলে আনার চেষ্টা করছি।

সে বলল, ‘এই লকেটটা আমার দাদী আমাকে দিয়েছে। আমার দাদীকে এই লকেটটা তার এক ইরানী বান্ধবী এ কথা বলে দিয়েছিল যে, ‘এটা তার জন্য সৌভাগ্য বয়ে আনবে। এতে কী লেখা আছে তা আমার অজানা ছিল। যখন আমি আপনাকে দেখলাম, আমার মনে হয়েছে যে আপনি বলতে পারবেন। তাই আমি আপনাকে দেখিয়েছি।’

তারপর সে বলল, ‘আপনি জানেন, আপনার সাথে আমার দেখা হওয়ার বিষয়টি কোনো আকস্মিক বিষয় নয়। আমি লস অ্যাঞ্জেলে থাকি। একটা কনফারেন্সে ডেট্রয়েটে এসেছি। গতকাল আমার কনফারেন্স শেষ হয়ে গিয়েছে। আমার লস অ্যাঞ্জেলে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু কিছু একটা আমাকে আটকে দিল। বলল, আরেকটা দিন থেকে যেতে। আমি আমার টিকেট বাতিল করে নর্থওয়েস্ট এয়ারলাইনসে আজকের টিকেট কিনেছি। আমি আগে কখনোই নর্থওয়েস্টে ভ্রমণ করিনি।’ তার কথার সত্যতা প্রমাণ করার জন্য সে আমাকে বাতিল করা টিকেটটা দেখালো। আমি এত বিস্মিত ছিলাম যে কিছু বলার ভাষা পাচ্ছিলাম না।

সে বলল, ‘কাল সন্ধ্যায়, আমি একা একা বসে আমার হোটেলের রুমে টিভি দেখছিলাম আর ভেবে অবাক হচ্ছিলাম যে আমি ডেট্রয়েটে বসে আছি কেন। কেন আমি একরাতের জন্য বেশি টাকা ব্যয় করে এখানে রয়ে গিয়েছি? অথচ আমার সব বন্ধু ও সহকর্মীরা যে যার বাড়িতে চলে গিয়েছে। তারপর আজ সকালে যখন এই ফ্লাইটে আপনার সাথে দেখা হলো তখন আপনি আমাকে লেখাটির মানে বললেন। আপনি যেটা পড়ছিলেন সেটা কি একটু শব্দ করে পড়বেন, প্লীজ? আমার শুনতে ইচ্ছা হচ্ছে।’

আমি শব্দ করে সূরা আল কাহাফ পাঠ করলাম। যখন পাঠ শেষে কুরআন বন্ধ করলাম, সে বিস্মিত হয়ে বলল, ‘চমৎকার। শেষ হয়ে গিয়েছে? আমি ভেবেছিলাম আপনি বইয়ের শেষ পর্যন্ত পাঠ করবেন।’ আমার চোখ অশ্রু সিক্ত হয়ে উঠল। একজন মহিলা যে কুরআনের একটি শব্দও বুঝে না। তারপরও সে আরও বেশি বেশি শুনতে চাচ্ছে। এটাই হলো আমাদের রবের কালামের অলৌকিকত্ব—যারা বুঝতে পারে না তাদের অন্তরকেও তা ছুয়ে যায়।

আমি আল্লাহর কাছে দুআ করলাম, ‘ইয়া রাব্বী, তোমার দ্বীনের প্রতি এই মহিলার অন্তরকে খুলে দাও। আমি বুঝতে পারছি না, কীভাবে তাকে ইসলাম সম্পর্কে বলব। দয়াকরে তাকে দিয়ে আমাকে প্রশ্ন করাও।’

তারপর সে আমাকে বলল, ‘আপনি কি আমাকে ইসলাম সম্পর্কে বলবেন?’

আমি বললাম, ‘ইসলাম হলো কেবলমাত্র আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তার ইবাদত করা এবং তাঁর ক্ষমতা, মহমা ও গরিমার ক্ষেত্রে কোনো অংশীদার স্থাপন না করা। কারণ তিনি কোনোরূপ সাহায্য সহযোগিতা ছাড়াই সবকিছু একা সৃষ্টি করেছেন এবং কারও সাহায্য ছাড়াই তিনি একা গোটা সৃষ্টি জগতকে প্রতিপালন করছেন এবং কারও সাহায্য ছাড়াই তিনি এই সবকিছুকে তিনি ধ্বংস করবেন। তারপর আমাদের সবাইকে তাঁরই কাছে ফিরে যেতে হবে। ইসলাম হলো মুহাম্মদ (সা.)কে আল্লাহর প্রেরিত নবুওয়াতের ধারার সর্বশেষ নবী হিসেবে মেনে নেওয়া।’

ইসলাম হলো আল্লাহর রাসুলদের মধ্যে কোনোরূপ পার্থক্য না করে তাদের সবার উপর ঈমান আনা। ইসলাম হলো তাদের সবাইকে আল্লাহর রাসুল হিসেবে মেনে নেওয়া। তাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল তারা তা যথাযথভাবে পালন করেছেন। সেটা হলো আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন না করে মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহবান করার দায়িত্ব। আমরা মুসলিমরা নূহ, ইবরাহীম, মুসা এবং যিশু (ঈশা (আ.)) এবং আল্লাহর অন্যান্য সব নবী রাসুলকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তায়ালা শুধুমাত্র এই কয়েকজন নবী-রাসুলকেই পাঠাননি বরং তিনি পৃথিবীর প্রত্যেকটা স্থানে প্রত্যেক জাতির কাছে নবী-রাসুল পাঠিয়েছিলেন। তাদের কতিপয়ের কথা আল্লাহ তায়ালা উল্লেখ করেছেন এবং অন্যান্যদের কথা তিনি উল্লেখ করেননি। ইসলাম হলো মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করা এবং বিচার দিবসের উপর ঈমান আনা। সেদিন আমাদেরকে আমাদের কাজের হিসাব দেওয়ার জন্য আহবান করা হবে এবং তার উপর নির্ভর করে আমাদের জান্নাতে অথবা জাহান্নামে পাঠানো হবে।

সে মনোযোগ দিয়ে আমার কথা শুনল এবং এমনভাবে মাথা নাড়াল যেন সে আমার কথায় সম্মতি প্রকাশ করছে। ‘যিশু সম্পর্কে আপনারা কী বলেন?’ সে প্রশ্ন করল।

‘আমরা তা-ই বলি যা আল্লাহর কিতাবে বলা হয়েছে’ আমি বললাম। ‘আমরা বলি যে তিনি ছিলেন কুমারী মারিয়াম (আ.)এর পুত্র। আল্লাহর পুত্র নন। আল্লাহ তায়ালা জিবরীল (আ.)কে তার মা মারিয়াম (আ.)এর কাছে পাঠান যিনি ছিলেন একজন ধার্মিক নারী। জিবরীল (আ.) তাকে পুত্র সন্তান জন্মের সুসংবাদ দেন। মারিয়াম (আ.) বলেন, ‘কীভাবে আমার সন্তান হবে অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি?’

জিবরীল (আ.) উত্তর দেন, ‘আপনার রবের জন্য এটা সহজ।’ তারপর ঈশা (আ.) একজন কুমারী মায়ের গর্ভ থেকে জন্ম গ্রহণ করেন। ঈশা (আ.) ছিলেন আল্লাহর রাসুল যিনি জন্মের পর শৈশবে কথা বলেছেন। আল্লাহ তায়ালা তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। তিনি কুষ্ঠ রোগিদের সুস্থ করতেন, অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিতেন এবং মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন এবং আরও অনেক অলৌকিক ক্ষমতা দেখিয়েছেন। আমরা বিশ্বাস করি যে তিনি এই অলৌকিক কাজগুলো করেছেন আল্লাহর ইচ্ছায়, তার নিজের ক্ষমতায় নয়। তিনি এসেছিলেন বনী ইসরাইলদেরকে মুসা (আ.)এর আনিত বিধানের দিকে ফিরিয়ে নিতে এবং তাদেরকে পৃথিবীতে ফিতনা-ফ্যাসাদ ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করতে। তারা তাকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি। আল্লাহ তায়ালা তাকে বাঁচিয়েছেন এবং জীবিত অবস্থায় তার কাছে তুলে নিয়েছেন।

আমরা বিশ্বাস করি যে ঈশা (আ.) পৃথিবী ধ্বংসের আগে আবার ফিরে আসবেন এবং তার আগমন হলো কিয়ামতের একটি লক্ষণ। তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। তখন মুসলিমরা ঈশা (আ.) এর পক্ষ হয়ে যুদ্ধ করবে। আমরা বিশ্বাস করি যে তিনি তখন অন্যান্য মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করবেন, বিয়ে করবেন, মৃত্যু বরন করবেন এবং তাকে কবর দেওয়া হবে।’

আমার কথাব শুনে সে সম্মতিসূচক মাথা নাড়ল এবং বলল, ‘আপনার কথায় যৌক্তিকতা আছে। যীশু মানুষের পাপের জন্য ক্রসে ঝুলে মারা গিয়েছে—এ ব্যাপারে আপনাদের মতামত কী?’

‘আমরা বলি যে আল্লাহ তায়ালা অবিচারক নন। অন্য মানুষের পাপের জন্য একটা নিস্পাপ মানুষকে ভয়ঙ্করভাবে মৃত্যুর শাস্তি দেওয়া একটি বড় ধরনের অবিচার। তাছাড়া কাউকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তায়ালা অন্য কাউকে শাস্তি দিতে বাধ্য নন। আল্লাহ যদি ক্ষমা করে দিতেই চান তাহলে তিনি তা এমনিই পারেন। কারণ তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। ক্ষমা পাওয়ার জন্য সত্যিকারভাবে অনুতপ্ত হয়ে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তায়ালা তাহলেই ক্ষমা করে দিবেন। এর জন্য আর বেশি কিছু করার দরকার নেই।’

সে আরও একবার মাথা নেড়ে বলল, ‘আমি একমত। স্রষ্টা কি অন্যদের পাপের জন্য একজন নিস্পাপ মানুষকে শাস্তি দিতে পারেন?’ তারপর সে বলল, ‘আচ্ছা, কীভাবে মুসলিম হতে হয়?’

আমি বললাম, ‘বলতে হবে যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহি (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া ইবাদাতের যোগ্য কোনো ইলাহা নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ (সা.) আল্লাহর রাসুল); এবং অন্তর থেকে এর উপর ঈমান আনতে হবে। অন্তর থেকে সব ধরনের মিথ্যা বিশ্বাস ঝেড়ে ফেলে দিতে হবে। এমনকি এটাও বিশ্বাস করা যাবে না যে যীশু আল্লাহর পুত্র। মনে করা যাবে না যে, আল্লাহ ছাড়া কোনো মানুষ, ফেরেশতা অথবা অন্য কেউ ইবাদতের যোগ্য অথবা তারা কোনোভাবে কোনো কল্যাণ বা অকল্যাণ ঘটানোর ক্ষমতা রাখে।’

‘এতটুকুই?’ আমি যদি শুধু এতটুকু বলি এবং আমার অন্তর থেকে বিশ্বাস করি তাহলেই আমি মুসলিম হয়ে যাবো?’

‘জি হ্যাঁ, আপনি এই বাক্য পাঠ করলে আর অন্তর থেকে বিশ্বাস করলেই মুসলিম হয়ে যাবেন।’ আমি উত্তর দিলাম।

‘আমাকে আর কী করতে হবে?’ সে প্রশ্ন করল।

আমি বললাম, ‘দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাহ আদায় করতে হবে, আপনার উদ্ধৃত্ত সম্পদের ২.৫ শতাংশ প্রতি বছর দান করে দিতে হবে এবং রমাদান মাসে রোজা রাখতে হবে। আর আপনি যদি পারেন তাহলে জীবনে একবার আল্লাহর ঘরে হজ্ব করবেন। খাদ্যের ব্যাপারে আল্লাহর বিধানগুলো মেনে চলবেন (শূকরের মাংস খাবেন না, মদ পান করবেন না অথবা কোনো নেশা জাতিয় দ্রব্য সেবন করবেন না), ন্যায়পরায়ণ, দায়িত্বশীল ও নৈতিক জীবন যাপন করবেন। সবসময় সচেতন থাকবেন যে আপনাকে আপনার কাজকর্মের হিসাব দিতে হবে।’

সে জিজ্ঞেস করল, ‘আমি কি এখনই মুসলিম হতে পারব?’

কথাটা শুনে আমার অন্তর বলে উঠল, ‘ইয়া আল্লাহ, তুমি আমার ও তার রব। তুমি আমাকে আজ দেখালে যে কীভাবে তুমি যাকে ইচ্ছা তাকে হিদায়েতের পথে আনো কারও সাহায্য ছাড়াই। ইয়া আল্লাহ, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের কোনো ভাষা আমার জানা নেই। আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই শব্দের দ্বারা যা তোমার শান ও মর্যাদার সাথে মানানসই।’

আমি বললাম, ‘জি, আপনি চাইলে এখনি মুসলিম হতে পারেন।’

‘তাহলে বলুন আমাকে কী করতে হবে।’

‘আমার সাথে সাথে পাঠ করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু অয়া আশাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহি।’ সে পাঠ করল এবং ভূমি থেকে ৩৫,০০০ ফুট উপরে বাতাসের মধ্যে যখন আমরা ঘণ্টায় ৯০০ মাইল বেগে চলছিলাম সে অবস্থায় সে ইসলামের প্রশান্তির ছায়াতলে প্রবেশ করল। এটাই হলো আমার রবের দয়া। আলহামদুলিল্লাহ

(লেখকের journy of faith বই থেকে অনুদিতঃ বইটি সিয়ান পাবলিকেশনের ব্যানারে শিঘ্রই প্রকাশিত হবে ইনশা আল্লাহ) 
collected from shomokalin